অপরাধ

কলাপাড়ায় গৃহবধুকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 10 March 2026 , 8:31:20

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির স্বজনরা।

সোমবার দিবাগত ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।হাসপাতালের শয্যায় কান্নাজড়িত কণ্ঠে রুবিনা আক্তার জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামী বাদল হাওলাদারের সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার, ভাসুর, ননদ, জা, দেবর ও চাচা শ্বশুর মনিরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যার হুমকি দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাকে ও তার স্বামীকে দোষারোপ করেন।

রুবিনা আরও জানান, ভোররাতে সেহরি খাওয়া শেষে ফজরের নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে বের হলে পেছন থেকে ৪–৫ জন ব্যক্তি তার মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে পাশের খালে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ভুক্তভোগী নারী, তার স্বামী এবং বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/ আর এস/এম

আরও খবর:

Sponsered content