সারাবাংলা

কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

  বাংলাদেশ প্রতিদিন 31 January 2026 , 8:37:13

Oplus_16908288

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ওমর ফারুক ওরফে বায়জিদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বসতঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত বায়জিদ টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে বায়জিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে দাবি স্বজনদের।

নিহতের পরিবার জানায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) হঠাৎ করেই বায়জিদের স্ত্রী নাহিদা আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় বায়জিদ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার দিন দুপুরে বাড়িতে কেবল বায়জিদ ও তার মা উপস্থিত ছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে অভিমান থেকেই বায়জিদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/ আর এস/এম

আরও খবর:

Sponsered content