অপরাধ

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্ত পলাতক

  বাংলাদেশ প্রতিদিন 23 June 2026 , 6:00:47

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে গৃহবধূর মা বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে ঘটেছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা মো: অলিউল্লাহর ছেলে মো. রাসেদের সঙ্গে সম্প্রতি বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীর বিয়ে হয়। বিয়ের পর চাকরির কারণে রাসেদ কর্মস্থলে চলে গেলে তার স্ত্রী শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে শ্বশুর মো. অলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনসহ নানা মাধ্যমে পুত্রবধূকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী এসব প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত তার আচরণ অব্যাহত রাখেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। মেয়ে বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করলেও সে বারবার তাকে হয়রানি করেছে। সর্বশেষ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত মো: অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কালকিনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content