অপরাধ

বিস্কুট ও আইসক্রিমের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

  বাংলাদেশ প্রতিদিন 18 April 2026 , 5:23:16

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং তার খেলার সঙ্গীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধ মো: আব্দুস সাত্তারের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা রাজমিস্ত্রির কাজে জয়পুরহাটে অবস্থান করছিলেন। এই সুযোগে প্রতিবেশী আব্দুস সাত্তার দুই শিশুকে বিস্কুট ও আইসক্রিম দেওয়ার কথা বলে তার একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান।

সেখানে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং অপর শিশুটিকেও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এসময় শিশুরা কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে ঘটনাটি গোপন রাখতে বাধ্য করেন।

প্রাথমিক ভয়ে শিশুরা চুপ থাকলেও ঘটনার পরদিন থেকেই বড় শিশুটি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। গতকাল ১৭ এপ্রিল সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি সব কথা খুলে বলে। পরবর্তীতে অপর শিশুটিও তার মায়ের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে।

ভুক্তভোগী শিশুর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন: “বিবাদী আমার প্রতিবেশী মামা হন। সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার মেয়ের এই সর্বনাশ করেছেন। আমার মেয়ে এখন হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে। আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি চাই।”

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন: ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় ইতিমধ্যে লিখিত এজাহার জমা নেওয়া হয়েছে।অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বর্তমানে হুদ্রাকুড়ি গ্রাম ও আশেপাশে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content