স্বাস্থ্য

ঝালকাঠি রাজাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই,রোগী ও স্বজনদের চরম ভোগান্তি

  বাংলাদেশ প্রতিদিন 15 May 2026 , 12:06:55

ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার (১১ মে) থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালের ভর্তি থাকা ৮৮ জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টয়লেট ও বাথরুমে পানি না থাকায় পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পানির কলগুলো থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতি ভরে পানি সংগ্রহ করছেন। অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, দীর্ঘ চার দিন ধরে পানি না থাকায় তারা গোসল করতে পারছেন না এবং মলমূত্র ত্যাগের পর পরিষ্কার হতে গিয়ে অবর্ণনীয় কষ্টে পড়ছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি এখন অকেজো হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান,”দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না।”

কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় টিউবওয়েলের পাইপ ওয়াশ করার কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছে। তবে নতুন নলকূপ স্থাপন না হওয়া পর্যন্ত এই মানবিক বিপর্যয় থেকে উত্তরণের কোনো স্থায়ী পথ দেখছেন না স্থানীয়রা।

আরও খবর:

Sponsered content