সারাবাংলা

বরিশালে দোকান উচ্ছেদে জীবন-জীবিকা বিপর্যস্ত, অসহায় হাজার হাজার পরিবার

  বাংলাদেশ প্রতিদিন 27 April 2026 , 12:01:04

বরিশাল নগরী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকানপাট হারিয়ে চরম বিপাকে পড়েছেন। প্রশাসনের ধারাবাহিক অভিযানে কয়েক হাজার দোকান উচ্ছেদ হওয়ায় প্রায় হাজার হাজার পরিবার বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই উচ্ছেদ অভিযানে তাদের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। একদিকে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন,ব্যবসায়ীরা অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

ভুক্তভোগী সুজন হাওলাদার বলেন“আমাদের দোকানই ছিল একমাত্র আয়ের উৎস। উচ্ছেদের পর এখন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না।” অনেকেই মানবিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের ফলে শুধুমাত্র ব্যবসায়ীরাই নয়, তাদের ওপর নির্ভরশীল শ্রমিক, কর্মচারী এবং পরিবারের সদস্যরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে পুরো এলাকায় এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্তদের অভিযোগ—তাদের দুর্দশার খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দিন যত যাচ্ছে, সংকট ততই গভীর হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নগর উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন পরিকল্পনা জরুরি। তা না হলে সামাজিক ও মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content