সারাবাংলা

কারাবন্দী অবস্থায় দুমকির সাবেক ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু

  বাংলাদেশ প্রতিদিন 28 February 2026 , 10:08:48

পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান (৩৮) কারাবন্দী অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত শফিকুল ইসলাম খান দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

জানা গেছে, শুক্রবার পটুয়াখালী কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ প্রথমে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মামলা সংক্রান্ত তথ্যে জানা যায়, তিনি দুমকি থানার মামলা নং-৯, তারিখ ৭/১১/২০২৪ এর এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি ছিলেন। ওই মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে ১৩/০১/২০২৫ তারিখে জামিন লাভ করেন। পরবর্তীতে দুমকি থানার মামলা নং-১০, তারিখ ২৭/০৬/২০২৫ এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ১১/০৮/২০২৫ তারিখে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। মরদেহের পরবর্তী দাফন সংক্রান্ত প্রস্তুতি পরিবার গ্রহণ করছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

 

আরও খবর:

Sponsered content