আইন-আদালত

বদলগাছিতে মিঠু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: ঘাতক রিফাত ঢাকা থেকে গ্রেপ্তার

  বাংলাদেশ প্রতিদিন 14 April 2026 , 3:45:05

নওগাঁর বদলগাছিতে চাঞ্চল্যকর মিঠু হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনার ৫ দিনের মাথায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে অভিযুক্ত ঘাতক মো. রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৯ এপ্রিল রাতে বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জানা যায়, নিহত ব্যক্তির নাম মিঠু হোসেন। তিনি উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা। নিহতের ঘাড়, পিঠ ও কানের নিচে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। এ ঘটনায় বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), থানা পুলিশ ও আইসিটি এক্সপার্টদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় কুড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করে নওগাঁ জেলা পুলিশের টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিফাত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়: গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে মিঠু ও রিফাত একই ভ্যানে যাচ্ছিলেন। মিঠু হোসেন ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত তাকে ভ্যান থেকে ফেলে দিয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। অপরাধ করার পর তিনি রাজশাহী হয়ে ঢাকায় আত্মগোপন করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমন এবং যে কোনো অপরাধের রহস্য উদঘাটনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content