Uncategorized

আগৈলঝাড়ায় নারী এজেন্টদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  বাংলাদেশ প্রতিদিন 19 January 2026 , 4:28:42

oplus_0

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের উদ্যোগে ভোটকেন্দ্রের মহিলা এজেন্টদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আগৈলঝাড়ার মাছ মার্কেটে মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, ভোট প্রদানে উৎসাহিত করা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রশিক্ষণে ভোটকেন্দ্রে এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন কমিশনের বিধি-বিধান, ভোট গ্রহণের বিভিন্ন ধাপ, অনিয়ম প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অভিজ্ঞ এজেন্টদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে মহিলা ভোটারদের স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল পর্যায়ের মহিলা নেত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে মহিলা ভোটার ও মহিলা এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলভাবে কাজ করলে ভোটারদের আস্থা অর্জন করা সম্ভব হবে এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আগৈলঝাড়া উপজেলা ও বরিশাল জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে সময়োপযোগী, কার্যকর এবং বাস্তবমুখী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content