আইন-আদালত

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদককারবারি গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 4 April 2026 , 8:00:12

রাজশাহী জেলার বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৪ এপ্রিল) ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হামিদুল হক (৪২) এবং মোঃ চপল আলী (৩৭)। হামিদুল হক আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর পুত্র এবং চপল আলী একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর পুত্র।

পুলিশ জানায়, ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ ভোর ০৪:৫৫ ঘটিকায় আলাইপুর মাদ্রাসা মোড় ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মধ্যপাড়া গ্রামের ইয়ার উদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার সামনে দুইজন মাদকব্যবসায়ী ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে ভোর ০৫:০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে হামিদুল হকের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চপল আলীর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content