অপরাধ

দুমকিতে বিএনপি নেতার বিরুদ্ধে গাছ লাগানোর অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ প্রতিদিন 29 March 2026 , 8:47:33

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে চলাচলের রাস্তায় গাছ লাগানোর অভিযোগে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জমির মালিকরা জানান, যে জমিতে গাছ লাগানো হয়েছে তা তাদের নিজস্ব সম্পত্তি। অভিযুক্ত বিএনপি নেতা মো. মনিরুল ইসলাম ফকিরের ওই স্থানে কোনো জমি নেই এবং তিনি সেখানে কোনো গাছও লাগাননি। তারা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে জমির মালিক রাজিব মীরা, রোকেয়া বেগম, শাহজাহান, আকলিমা বেগম ও মোমেলা বেগমসহ অন্যরা বলেন, “আমাদের নিজস্ব জমিতে আমরা গাছ লাগিয়েছি। এখানে মনির ফকিরের কোনো সংশ্লিষ্টতা নেই।”

অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম ফকির বলেন, “আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানে আমার কোনো জমি নেই, গাছ লাগানোর প্রশ্নই ওঠে না। এছাড়া আমি কাউকে কোনো ধরনের হুমকিও দেইনি।”

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content