অপরাধ

লক্ষ্মীপুরে সিআইডির প্রতিবেদনের পর গ্রেফতারি পরোয়ানা: প্রধান আসামিসহ আটক ২

  বাংলাদেশ প্রতিদিন 6 May 2026 , 1:47:47

লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা সিআর মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে কমলনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে করইতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি মো. রোকন উদ্দিন (৩৫) এবং তিন নম্বর আসামি মো. আলমগীর হোসেন (২৫)।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বাদীর স্বামী একজন প্রবাসী এবং ভাসুর ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি নিজেই লক্ষ্মীপুরের কমলনগর থানাধীন করইতলা বাজারে অবস্থিত ‘নাহার প্লাজা’ মার্কেটটি দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রোকন উদ্দিনসহ বিবাদীরা বাদীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর ওপর চড়াও হয় এবং তাকে মারধর ও শ্লীলতাহানি করে।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা বাদীর অফিস রুম ও মার্কেটের ৮টি দোকান ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় নির্মাণাধীন ভবনের মালামাল (তার, টাইলস ও সাটার) ও ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরবর্তীতে আসামিরা দলবল নিয়ে পুনরায় হামলা চালিয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে দোকানগুলো জবরদখল করে তালা ঝুলিয়ে দেয়।

প্রাণনাশের হুমকি ও মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানোর ভয় দেখানোয় বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।ঘটনার পর বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি দীর্ঘ শুনানি শেষে গত মাসের ২২ তারিখে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আদালতের পরোয়ানা অনুযায়ী প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিয়ম অনুযায়ী আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content