সারাবাংলা

লোহাগড়ায় স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  বাংলাদেশ প্রতিদিন 8 April 2026 , 10:38:16

নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদারকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে গঠিত এই কমিটির সদস্যরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

তদন্ত চলাকালে অভিযুক্ত দুই শিক্ষক, ভুক্তভোগী শিক্ষার্থী, তার অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্কুল চলাকালীন এই নির্যাতনের ঘটনা ঘটে। তবে মঙ্গলবার শিক্ষার্থীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষক রানী চক্রবর্তী শিক্ষার্থী কৃষ্ণ হালদারকে ব্ল্যাকবোর্ডের কালি মোছার ডাস্টার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন। এতে শিশুটির শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। পরে অসুস্থ কৃষ্ণ হালদারকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত ১ এপ্রিল বিদ্যালয়ের আরেক শিক্ষক দীপক কুমারও ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে লোহাগড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন দিবাকর কুমার নাগ ও দেবাশীষ সিংহ। গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content