সারাবাংলা

দীঘিনালার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩৫টি দোকান ভস্মীভূত, মন্ত্রী দীপেন দেওয়ানের সমবেদনা

  বাংলাদেশ প্রতিদিন 28 March 2026 , 11:36:41

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং অনেক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে পার্বত্য মন্ত্রী একটি বার্তায় বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। বর্তমান সরকার আপনাদের পাশে আছে। ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। আমি ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।

স্থানীয়রা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডটি রাতের অন্ধকারে হঠাৎ ঘটে গেলে অনেকেই সময়মতো সম্পদ রক্ষা করতে পারেননি। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। বাজার এলাকার ব্যবসায়ীরা এখন সরকারের ত্বরিত সহায়তা ও পুনর্বাসনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content