আইন-আদালত

কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেফতার, উদ্ধার ১৪ হাজার টাকা

  বাংলাদেশ প্রতিদিন 15 March 2026 , 2:17:55

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করার জন্য ওই যুবক টাকা নিয়ে গেলে দোকান মালিক মনিরুল টাকাগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওহিদুলকে আটক করে।

তবে এ সময় তার সহযোগী এবং জাল নোট চক্রের মূল হোতা হিসেবে সন্দেহভাজন মেহেদী হাসান (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content