আন্তর্জাতিক

হরমুজ পার করে দিতে ‘অর্থ চাইছে প্রতারকরা’

  বাংলাদেশ প্রতিদিন 21 April 2026 , 7:30:19

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোর মালিকদের কাছে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে নিরাপদ যাতায়াতের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি অসাধু প্রতারক চক্র।  সমুদ্রে ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা গ্রিক কোম্পানি মারিস্ক এক জরুরি সতর্ক বার্তায় এই তথ্য জানায়।

সংস্থাটি জানায়, তেহরানের পক্ষ থেকে প্রণালি খুলে দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকা সত্ত্বেও প্রতারকরা নিজেদের ইরানি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে জাহাজ কোম্পানিগুলোকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।

মারিস্কের দেওয়া তথ্য অনুযায়ী,  প্রতারকরা ইমেইল বা বার্তার মাধ্যমে জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে যে নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন বা টেদারের মতো ক্রিপ্টোকারেন্সি জমা দিলে তারা হরমুজ প্রণালি নিরাপদে পার হওয়ার ব্যবস্থা করে দেবে।

এছাড়া প্রতারক চক্রটি কাগজপত্র জমা এবং ইরানি কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই করার পর  ক্রিপ্টোকারেন্সিতে (বিটিসি বা ইউএসডিটি) কত ফি দিতে হবে তা নির্ধারণ করে । এরপরই কেবল নৌযানগুলো নির্ধারিত একটি সময়ে প্রণালিটি অবাধে পার হতে পারবে, এমন বার্তা পাঠাচ্ছে বলে জানিয়েছে মারিস্ক।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে ইরান এই জলপথটি বন্ধ করে রাখায় জাহাজ মালিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছে প্রতারকরা। মারিস্ক তাদের বার্তায় আরও জানিয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব বা লেনদেনই বৈধ নয়। তারা সব জাহাজ মালিককে এই ধরনের ভুয়া বার্তা পেলে তা এড়িয়ে চলতে এবং কঠোর নিরাপত্তা সতর্কতা বজায় রাখতে বলেছে।

এদিকে, ইরান কিছু সময়ের জন্য প্রণালিটি খোলার ঘোষণা দেওয়ার পর শনিবার বেশ কয়েকটি নৌযান তা পার হওয়ার চেষ্টা চালায়। তার মধ্যে একটি ট্যাংকারসহ অন্তত দু’টি নৌযান পরে জানায়, ইরানি নৌকা থেকে তাদের লক্ষ্য করে গুলি হওয়ায় তারা নৌযান ঘুরিয়ে নিতে বাধ্য হয়। তবে তাদের এই দাবি যাচাই করতে পারেনি রয়টার্স। কোন কোন কোম্পানি এ ধরনের ভুয়া বার্তা পেয়েছে সংবাদমাধ্যমটি তাও বের করতে পারেনি।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content