সারাবাংলা

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৭৫ লাখ টাকার ক্ষতি, পুড়ল ৯ দোকান

  বাংলাদেশ প্রতিদিন 25 February 2026 , 12:00:29

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, ‘দূরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। আগুনে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ দাহ্য পদার্থ মজুত ছিল। বিস্ফোরণের পর দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

তারাবির নামাজের সময় হঠাৎ বিকট শব্দে আগুন জ্বলে ওঠায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও খবর:

Sponsered content