বাংলাদেশ প্রতিদিন 13 June 2026 , 3:00:20
দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে ৯ হাজার করে মোট ৫৪ হাজার বৃক্ষরোপণের এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে এই সবুজ বিপ্লব অনন্য ভূমিকা পালন করবে।
বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা বন কর্মকর্তা মঞ্জরুল রহমান মঞ্জু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
এই সবুজ বিপ্লবকে সফল করতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি ও একাত্মতা প্রকাশ করেন। তারা নিজ নিজ ইউনিয়নে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত চেয়ারম্যানবৃন্দ হলেন:
১. খলিলুর রহমান (১নং আলোকঝাড়ী ইউপি)
২. রিয়াজুল ইসলাম বাবুল (২নং ভেড়ভেড়ী ইউপি)
৩. গোলাম মোস্তফা আহমেদ শাহ (৩নং আঙ্গারপাড়া ইউপি)
৪. আবু বক্কর (৪নং খামারপাড়া ইউপি)
৫. রবিউল ইসলাম তুহিন (৫নং ভাবকী ইউপি)
৬. জনাব শাখাওয়াত হোসেন লিটন (৬নং গোয়ালডিহি ইউপি)
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রামপুলিশের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সমর্থন জানান।
আজকালের কন্ঠ/আর বি




