সারাবাংলা

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  বাংলাদেশ প্রতিদিন 6 June 2026 , 7:30:32

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিবুল হক উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবারও বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন মজিবুল হক। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, বড়তাকিয়া এলাকায় গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content