অপরাধ

মুরাদনগরে বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার মাছ নিধন

  বাংলাদেশ প্রতিদিন 5 June 2026 , 7:29:28

কুমিল্লার মুরাদনগরে এক বিএনপি কর্মীর দুটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী ও মাছচাষি বিল্লাল সরকারের দুটি পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা যায়।

ভুক্তভোগী বিল্লাল সরকার জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি তার মাছ চাষের দুটি পুকুর দেখতে যান। পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। তার অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে তার আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর খোঁজখবর নিতে গিয়ে স্থানীয় বাসিন্দা আলম মিয়ার ছেলে সোহেলের বাড়ির পাশে মাছ মারার বিষের তীব্র গন্ধ পান। পরে অনুসন্ধান করে সেখানে মাছ নিধনে ব্যবহৃত বিষের মতো পদার্থ দেখতে পান এবং বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। তার দাবি, কিছুদিন আগে পুকুরের মাটি কাটা নিয়ে সোহেলের সঙ্গে তার বিরোধ হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই সোহেল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আলী আহম্মদ বলেন, সকালে বিল্লাল সরকারের পুকুরে বিষ প্রয়োগের খবর শুনে ঘটনাস্থলে গেলে সোহেলের বাড়ির পাশ থেকে বিষের গন্ধ পান। পরে স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিশ্চিত হন। তিনি দাবি করেন, সোহেলের ঘরের আশপাশে মাছ মারার বিষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

এলাকাবাসী জানান, বিল্লাল সরকার দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। তার একাধিক পুকুর রয়েছে এবং মাছ চাষই তার আয়ের অন্যতম উৎস। এ ঘটনায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content