সারাবাংলা

ময়মনসিংহে সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন

  বাংলাদেশ প্রতিদিন 15 April 2026 , 12:09:29

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—কার্যালয়ের ক্যাশিয়ার মোঃ ইমরান মেহেদী হাসান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ। অভিযোগকারী মোঃ জুবায়ের হোসেন এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠে এবং তা নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় তাকে অন্য জেলায় বদলি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বদলি বাতিলের প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগও উঠে আসে। এ সংক্রান্ত ঘটনায় র‍্যাব-৩-এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ওই সময় অবৈধ সম্পদ অর্জন এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, আউটসোর্সিং নিয়োগ, বেসরকারি ক্লিনিকের লাইসেন্স প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক কাজে বড় অংকের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। পাশাপাশি একাধিক মামলার বিষয়ে জাল কাগজপত্রের মাধ্যমে নিষ্পত্তি দেখানোর অভিযোগও তোলা হয়েছে। কর্মচারীদের যোগদান, বদলি প্রক্রিয়া এবং বিভিন্ন দাপ্তরিক কাজে অর্থ দাবি করার বিষয়টিও অভিযোগপত্রে উঠে এসেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content