অপরাধ

আগৈলঝাড়ায় গাছ কাটায় বাধা দেওয়ায় হামলা, আহত ১, টাকা ছিনতাইয়ের অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 30 March 2026 , 7:36:48

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামে জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মিলন শাহ (পিতা: জয়নাল শাহ) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় আহতের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির কোনো গাছ বা সম্পদ ব্যবহার কিংবা অপসারণে নিষেধাজ্ঞা রয়েছে।

অভিযোগ রয়েছে, আমির আলী শাহ (পিতা: মৃত রহমত আলী শাহ), তার ছেলে মিজান শাহ ও স্ত্রী সেনোয়ারা বেগম আদালতের আদেশ অমান্য করে পূর্বে কাটা একটি গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মোঃ মিলন শাহ বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

ভুক্তভোগী মিলন শাহ জানান, হামলার সময় তিনি মাছ বিক্রির জন্য সঙ্গে রাখা ২ লাখ ২২ হাজার টাকা বহন করছিলেন। হামলাকারীরা তার কোমর থেকে সেই টাকা ছিনিয়ে নেয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও প্রতিপক্ষ তার বিরুদ্ধে নারী সংক্রান্ত মিথ্যা মামলা দায়ের করেছিল এবং বর্তমানে আবারও মিথ্যা মামলার আশঙ্কা করছেন। পাশাপাশি, উক্ত জমি নিয়ে প্রতিপক্ষ একাধিকবার জাল দলিল তৈরি করেছে বলেও তিনি দাবি করেন।

তবে এ বিষয়ে থানায় ডাকা হলেও তারা কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি বলে জানান তিনি।

ঘটনার পর স্থানীয়রা আহত মিলন শাহকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content