সারাবাংলা

আগৈলঝাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

  বাংলাদেশ প্রতিদিন 11 January 2026 , 12:18:13

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন একটি সমাজসেবামূলক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে “আগৈলঝাড়া হিলফুল ফুজুল সমাজকল্যান পরিষদ”। দেশপ্রেমিক, মানবিক ও সমাজসচেতন একঝাঁক তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনের শুভ উদ্বোধন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের পরিকল্পনা, মেধা, শ্রম ও সময় বিনিয়োগের মাধ্যমে সংগঠনটিকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দেওয়ার প্রচেষ্টার ফলেই এটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সম্ভব হয়েছে। অরাজনৈতিক চরিত্রের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংগঠনের উপদেষ্টা পরিষদে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, আলেম, হাফেজ, মুফতি, প্রবাসী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে উপজেলা কমিটির সদস্যরা মানবসেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আগৈলঝাড়া মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর পরিচয় পর্ব, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ, ঘোষণাপত্র পাঠ এবং আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ইনচার্জ। তিনি তাঁর বক্তব্যে সমাজে অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক সংগঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের সংগঠন সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা শিক্ষা সহায়তা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ / আর এস/এ

আরও খবর:

Sponsered content