বাংলাদেশ প্রতিদিন 19 November 2026 , 2:41:08
বাংলাদেশি কর্মীদের অবৈধ অবস্থান নিয়মিতকরণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে যৌথ বিজনেস ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনে সম্মত হয় দুই দেশ। এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সরাসরি যোগাযোগ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।
শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করতে সম্মত হয়েছে দুই দেশ। অবৈধভাবে অবস্থানরত কর্মীদের নিয়মিতকরণসহ শ্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ কমিটির মাধ্যমে কাজ করা হবে। জর্ডানের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে দেশটি।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময় নিয়েও আলোচনা হয়।
পাশাপাশি সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে।
এসময় ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানায় বাংলাদেশ। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবটি সক্রিয় বিবেচনায় রয়েছে।












