সারাবাংলা

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

  বাংলাদেশ প্রতিদিন 15 June 2026 , 5:31:50

সাতক্ষীরার কালিগঞ্জে বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। তিনি জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content