সারাবাংলা

মেরামতের এক সপ্তাহ না পেরোতেই দুমকি হাসপাতালে ছাদ চুঁইয়ে পানি ব্যবস্থা চেয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি

  বাংলাদেশ প্রতিদিন 14 June 2026 , 5:46:13

মেরামত কাজ শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষে ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি প্রবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালের ছাদ মেরামতের কাজ সম্পন্ন হয়। তবে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বৃষ্টির সময় হাসপাতালের স্টোর রুম, ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়তে শুরু করে। এতে হাসপাতালের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ জুন মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর সাম্প্রতিক বৃষ্টিপাতে ভবনের বিভিন্ন স্থানে পানি প্রবেশের ঘটনা ঘটেছে। চিঠিতে ছাদের ওয়াটারপ্রুফিং স্তরে ত্রুটির অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে চিঠির অনুলিপি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, “মেরামত কাজে ত্রুটির বিষয়টি সত্য। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content