বাংলাদেশ প্রতিদিন 12 June 2026 , 9:24:33
কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় এক ঘণ্টা পর সচল হয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম আবার স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

এর আগে আজ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে বিপর্যয় দেখা দেয়। মেটার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে মারাত্মক ভোগান্তিতে পড়েন লাখো ব্যবহারকারী।
এমনকি যারা আগে থেকেই লগ ইন অবস্থায় ছিলেন, তাদের অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে ‘লগ আউট’ হয়ে যায়।
অবশেষে রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে।
তবে এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুক ব্যবহার করা যায়নি।
এদিকে ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন।







