অপরাধ

দুমকিতে জমি বিরোধের মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 11 June 2026 , 2:33:30

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিরোধের মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন বাদী পক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী গ্রামের আ. কাদের খান ও একই এলাকার দেলোয়ার খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ২২ জানুয়ারি কাদের খানের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাদের খান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পটুয়াখালী জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার শুনানিকালে আদালত ১ ও ৩ নম্বর আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্য কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী পক্ষের দাবি, হুমকির কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান তারা।

তবে অভিযুক্ত মতলেব খান, মিজান খান ও নাজমা বেগম তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content