বাংলাদেশ প্রতিদিন 22 May 2026 , 10:18:50
পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো: জুয়েল কাজী (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

বুধবার (২০মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জুয়েল কাজী বিভিন্ন সময় নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করতো এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাতো বলে অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্রলীগের বিভিন্ন গোপন বৈঠকেও তার উপস্থিতি ছিল বলে জানা যায়।
সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খাঁন বলেন,”অভিযুক্ত জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় আপত্তিকর ভিডিও তৈরি করতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”



