বাংলাদেশ প্রতিদিন 18 May 2026 , 5:22:33
সোমবার ভোরের ভয়াবহ কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিবাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চল। ফুলছড়ি উপজেলা-এর ফজলুপুর ইউনিয়নের চৌমোহন ও চর কাউয়াবাঁধা গ্রাম, এরেন্ডাবাড়ি ইউনিয়নের বুলবুলির চর (আংশিক) এবং গাইবান্ধা সদর উপজেলা-এর কামারজানি ইউনিয়নের খারজানি চর এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

হঠাৎ করে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে অনেক পরিবারের স্বপ্নের বসতঘর মুহূর্তেই তছনছ হয়ে যায়। কেউ হারিয়েছেন ঘরের চালা, কেউ হারিয়েছেন প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্যোগের পর থেকে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
চরের মানুষের জীবন এমনিতেই নদীভাঙন, দারিদ্র্য আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামের। তারই মাঝে এই দুর্যোগ নতুন করে বাড়িয়ে দিয়েছে তাদের কষ্ট ও অনিশ্চয়তা।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা, ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মানবিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত চরবাসীর পাশে দাঁড়ানো এখন সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।
আজকালের কন্ঠ/আর বি








