Uncategorized

জাবিতে প্রথমবারের মতো ‘জাগসা জিওটক’ আয়োজিত

  বাংলাদেশ প্রতিদিন 17 May 2026 , 11:17:43

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিওলজিক্যাল সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জাগসা)-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “জাগসা জিওটক” শীর্ষক ভূবিজ্ঞানভিত্তিক সেমিনার ও লেকচার সিরিজ।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।একইসঙ্গে অনুষ্ঠিত হয় জাগসার সাধারণ সভা।

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চিফ জিওলোজিস্ট জাফরুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ও জাগসা’র বর্তমান সভাপতি অধ্যাপক ড.হোসেন মো. সায়েম।

অনুষ্ঠানের শুরুতেই দেশের ভূবিজ্ঞান, হাইড্রোজিওলজি, নগর পরিকল্পনা ও পেট্রোলিয়াম জিওলজি বিষয়ে সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও পেশাজীবীরা।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডিপিএইচই এর কনসালট্যান্ট হাইড্রোজিওলজিস্ট ও বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ। তিনি টেস্ট টিউবওয়েল ও প্রোডাকশন ওয়েল নির্মাণ ও তত্ত্বাবধান বিষয়ক হাইড্রোজিওলজিক্যাল বিশ্লেষণ নিয়ে বিষয়ে বক্তব্য দেন।এরপর টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় ভূ-তথ্যের ব্যবহার নিয়ে আলোচনা রাখেন,জিএসবি এর জিওলজি পরিচালক ও বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশরফুল কামাল। এছাড়াও ড্রিলিং প্রকল্পে পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভূতত্ত্ব) এবং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ড. মো. ফারহাদুজ্জামান।

দিনব্যাপী এই কর্মসূচি ও জাগসা এর সাধারণ সভা নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ রাজিব বলেন, “টেড টকসের মতো করে জাবিতে প্রথমবারের মতো আমরা ‘জিওটক’ আয়োজন করেছি। এর মাধ্যমে ভূবৈজ্ঞানিক জাতীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং কাজ করার একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে দেশের ভূতত্ত্ববিদদের একত্রিত করে সমসাময়িক ভূবৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে কার্যকর আলোচনা গড়ে তুলতে।”

আয়োজন নিয়ে জাগসা ও বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড.হোসেন মো. সায়েম বলেন,বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের চলমান ভূবৈজ্ঞানিক বিভিন্ন ইস্যু নিয়ে পেশাদার পর্যায়ে মতবিনিময় করেছেন।আজকের সেমিনারের মূল উদ্দেশ্য শুধু জ্ঞান বিনিময় নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা। বর্তমান প্রজন্ম যেন অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পায়— সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, প্রাক্তন শিক্ষার্থী ফোরাম সবসময় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতার কাজে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা চাই, এই প্ল্যাটফর্ম শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার গাইডলাইন, স্কলারশিপ, ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content