আইন-আদালত

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও ভ্যানগাড়ি জব্দ

  বাংলাদেশ প্রতিদিন 15 May 2026 , 5:29:34

ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ মে রাতভর অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে-সহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর:

Sponsered content