সারাবাংলা

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা

  বাংলাদেশ প্রতিদিন 13 May 2026 , 7:44:43

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয় — প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। তিনি বলেন, অটিজম বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে তারা সমাজের সম্পদে পরিণত হতে পারে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির বলেন, “অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; বরং সঠিক শিক্ষা, যত্ন ও সহযোগিতা পেলে এসব শিশুরা ভবিষ্যতে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে”।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি – বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content