অপরাধ

সাতক্ষীরায় নারী দোকানির মাথায় এবং কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা

  বাংলাদেশ প্রতিদিন 27 April 2026 , 3:41:33

গায়ের গয়না ছিনিয়ে নিতে এক নারী দোকানিকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই দোকানির নাম বীথিকা রানী ঘোষ (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।

মাগুরা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়। এসময় দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

নারী হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যার ঘটনা। বাদীপক্ষ এজহার দিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content