সারাবাংলা

প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ সহকারী রাজস্ব কর্মকর্তা

  বাংলাদেশ প্রতিদিন 25 April 2026 , 3:05:05

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে বুলেট বৈরাগী (৩৫) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত। তিনি বর্তমানে চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন।
এ ঘটনায় তার বাবা সুশীল বৈরাগী শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান বুলেট বৈরাগী। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পথে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়।

সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি পরিবারকে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র ছেলের খোঁজ না পেয়ে পরিবারটি চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

নিখোঁজের বাবা সুশীল বৈরাগী বলেন, “ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল টমছম ব্রিজ এলাকায়। এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ সরকারি কর্মকর্তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content