বাংলাদেশ প্রতিদিন 21 April 2026 , 12:00:21
ঝিনাইদহ কালীগঞ্জে এক কৃষকের প্রায় সাড়ে ৪ বিঘা জমির আখের ক্ষেত চষে নষ্ট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু হোসেন কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

কৃষক নান্নু হোসেন বলেন, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি সকল প্রকার নিয়ম মেনে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তপক্ষের নিকট থেকে লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। তিনি প্রতিবছর যথাযথ ভাবে সরকারের নির্ধারিত লিজের অর্থ পরিশোধ করেন। চলতি মৌসুমে তিনি ঐ জমিতে আখের চাষ করেছিলেন এবং ক্ষেতটি বেশ ভালো অবস্থায় ছিল।
নান্নুর অভিযোগ, কালীগঞ্জ পৌরসভা এলাকার শিবনগর গ্রামের তিন ব্যক্তি বেশ কিছুদিন ধরেই তাকে জমিটি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছিল। কিন্তু তিনি বৈধভাবে লিজ নেওয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে তিন ব্যাক্তি।সোমবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আখক্ষেতের জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে ৪ বিঘা জমিতে রোপনকৃত আখ ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আমি মোবারকগঞ্জ চিনিকল থেকে ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছি। কৃষক নান্নু প্রশাসনের কাছে দোষীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনর্চাজ জেল্লাল হোসেন বলেন, আমি বাইরে আছি। থানাতে এসে ক্ষেত নষ্ট করার অভিযোগটি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
আজকালের কন্ঠ/আর এস








