সারাবাংলা

ঝালকাঠিতে পূবালী ব্যাংকের তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 21 April 2026 , 10:42:22

“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ঝালকাঠি পূবালী ব্যাংকের তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরো সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঝালকাঠি সরকারী কলেজে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ চালু করেছে।

এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো ক্যাশলেস ব্যাংকিং সেমিনার, আলোচনা ও র‍্যালি।

পূবালী ব্যাংক পি এল সি, ঝালকাঠি শাখার সহকারী মহা-ব্যবস্থাপক রূপালী চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহা-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মুশাহিদুল্লাহ এবং বরিশালের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জ্বল হালদার।

এছাড়াও ঝালকাঠি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদ মোরশেদ সোহেল সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকের এ ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন আমাদের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় অঙ্গীকারবদ্ধ। থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটানো।

অঞ্চল প্রধান মো. মুশাহিদুল্লাহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু সেবা দিচ্ছি না, বরং গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছি।’

পূবালী ব্যাংক পি এল সি, ঝালকাঠি শাখার সহকারী মহা-ব্যবস্থাপক রূপালী চক্রবর্তী তার বক্তব্যে বলেন, ‘ক্যাম্পেইন বুথে গ্রাহকরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা সম্পর্কে হাতেকলমে ধারণা পাবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা।

আরও খবর:

Sponsered content