আন্তর্জাতিক

জ্বালানি তেল বিক্রিতে সীমা বেধে দিল প্রথম কোনো ইউরোপীয় দেশ

  বাংলাদেশ প্রতিদিন 25 March 2026 , 3:05:28

ইরান-আমেরিকা যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে ইউরোপে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্লোভেনিয়া জ্বালানি বিক্রিতে আনুষ্ঠানিক সীমাবদ্ধতা আরোপ করেছে।আজ (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্লোভেনিয়া সরকারের নতুন নির্দেশনায় এখন থেকে ব্যক্তিগত গাড়ির চালকরা দিনে সর্বোচ্চ ৫০ লিটার জ্বালানি কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় দেশটির সরকার অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে এই পদক্ষেপ নিয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্লোভেনিয়ায় দেখা দিয়েছে এক নতুন প্রবণতা ‘ফুয়েল ট্যুরিজম’। তুলনামূলক কম দামে পেট্রোল ও ডিজেল কিনতে দেশটির নাগরিকরা প্রতিবেশী অস্ট্রিয়ায় ভ্রমণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলোর জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ইতিহাসে এটিকে সবচেয়ে বড় হস্তক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, আর সেটিই বাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়তে শুরু করেছে। একই সঙ্গে ইউরোপের সাধারণ মানুষের গৃহস্থালির গ্যাস ও বিদ্যুৎ বিলও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

তবে যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এমন খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, বুধবার দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

এদিকে কূটনৈতিক আলোচনা চললেও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content