অপরাধ

আত্রাই দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 23 March 2026 , 4:08:52

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল জব্বার প্রামাণিক আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কুমঘাট গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার প্রামাণিক জীবিকার তাগিদে নিজ বাড়ির পাশে একটি ছোট দোকান পরিচালনা করে আসছিলেন। গত ২২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার দোকানে হামলা চালায়। তারা দোকানের টিনের চালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুটপাট করে এবং দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা দোকানের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তিনি একজন অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় এ ক্ষতি পুষিয়ে নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর দুর্বৃত্তরা দোকানের পাশেই অশালীন ও আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জব্বার প্রামাণিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।এ ব্যাপারে আত্রাই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content