অপরাধ

সন্ধ্যায় ঝগড়া, রাতে ডেকে নিয়ে হত্যা

  বাংলাদেশ প্রতিদিন 21 March 2026 , 5:01:03

গত শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদরাতে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে মো. রাজু (৩০) নামের এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত রাজু ওই এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে একটি ছোট গাছকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রাজুর আত্মীয় মো. আজম বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে রাজু তাকে নিবৃত করার চেষ্টা করলে উল্টো তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি আপাতত মিটে গেলেও এর জের থেকে যায়।

রাত ৯টার দিকে আজম, তার চার ছেলে এবং সহযোগী আনোয়ার পরিকল্পিতভাবে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইট ও লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মো. আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content