Uncategorized

আবারও বিএনপির ঘাঁটি প্রমাণ করল লক্ষ্মীপুর

  বাংলাদেশ প্রতিদিন 13 February 2026 , 6:07:21

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করলে নিশ্চিত হয় দলটির ‘ক্লিন সুইপ’। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির চার প্রার্থীই নিজ নিজ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। এ আসনে তিনি ২৭ হাজার ৫৪৬ ভোটের ব্যবধানে জয় পান।

লক্ষ্মীপুর-2 (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট। এখানে ব্যবধান ১২ হাজার ৬২৩ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পান ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। ব্যবধান ১৫ হাজার ৯৮৬ ভোট।

সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে। এ বি এম আশরাফ উদ্দিন নিজান ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে ৪৩ হাজার ২৬১ ভোটে পরাজিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতের ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে আবারও বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটভিত্তির প্রভাব স্পষ্ট হয়েছে। চারটি আসনেই একযোগে জয় জেলার রাজনীতিতে দলটির অবস্থান আরও সুদৃঢ় করেছে।

আরও খবর:

Sponsered content