আইন-আদালত

ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 7 February 2026 , 11:18:02

Oplus_131072

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর তত্ত্বাবধানে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ও গাঙ্গিনাপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন— সোহেল হাসান ওরফে ধইন্না (২৩), শিব্বির আহম্মেদ বুলু (৩০), মোঃ আকরাম হোসেন (৩০), ইমন ওরফে চাকু ইমন (২৭), মোঃ পলাশ (২৭), মোঃ আশিকুর রহমান ওরফে আশিক (২৪) এবং নূর ইসলাম ওরফে গাট্টিচুর নুরা (২১)। তাদের অধিকাংশই ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সোহেল হাসানের বিরুদ্ধে ১৫টি, শিব্বির আহম্মেদ বুলুর বিরুদ্ধে ১২টি, আকরাম হোসেনের বিরুদ্ধে ৪টি, ইমনের বিরুদ্ধে ৩টি, পলাশের বিরুদ্ধে ১টি এবং নূর ইসলামের বিরুদ্ধে ২টি মামলা পূর্ব থেকেই বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানের মাধ্যমে ছিনতাইকারী চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশের এমন কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। জেলা পুলিশ, ময়মনসিংহ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content