আইন-আদালত

ফুলবাড়িয়ায় ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য আটক, জ্যাকেট-হ্যান্ডকাপসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 5 February 2026 , 5:45:31

Oplus_131072

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে ফুলবাড়িয়া থানাধীন রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে থাকা দুইজন এসআই ও একজন এএসআইকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা থেকে আরও একজন এবং ত্রিশাল থানা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া পুলিশ সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ২টি হ্যান্ডকাপ, ৫টি ভুয়া ডিবি পুলিশ আইডি কার্ড, ১টি ওয়াকিটকি, ৭টি মোবাইল ফোন, ১টি মনিটরসহ ডেস্কটপ কম্পিউটার, ১টি কালার প্রিন্টার এবং ৭টি ভুয়া গ্রেফতারি পরোয়ানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে ডিবি পুলিশের পরিচয় দিত এবং বিভিন্ন মহাসড়ক ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে থামিয়ে তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন করত। এছাড়া ওয়ারেন্ট তামিল, গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, অপহরণ ও প্রতারণার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content