আইন-আদালত

নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে অবৈধ সিল উদ্ধার, আটক ১

  বাংলাদেশ প্রতিদিন 4 February 2026 , 10:16:52

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ সিল ও একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে শহরের মারিয়াম প্রিন্টাসে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কোনো বৈধ অনুমতি ছাড়াই গোপনে এসব সিল তৈরি করা হচ্ছিল। উদ্ধারকৃত সিল ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিল বা সরঞ্জাম অবৈধভাবে প্রস্তুত করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত বা প্রশ্নবিদ্ধ করার গুরুতর চেষ্টা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছেন, জনৈক এক ব্যক্তির নির্দেশে তিনি এসব সিল তৈরি করছিলেন।

অবৈধ সিলগুলো কার নির্দেশে বা কোন প্রার্থীর পক্ষে তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আটক সোহেল রানাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচন বিধিমালা ও জালিয়াতি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content