সারাবাংলা

রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 19 January 2026 , 5:50:55

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি গাবুরহেলান এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে কাজ করা সাব-ঠিকাদার আব্দুস সালামের বিরুদ্ধে দুটি পুকুর ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের ব্যবধানে ওই এলাকায় দুটি পুকুর বালু দিয়ে ভরাট করা হয়। একই সঙ্গে কয়েকদিন আগে ট্রাক্টরের মাধ্যমে বালু বাইরে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু বহনে নিয়োজিত একটি ট্রাক্টরের মালিককে জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি ও খিতাবখাঁ এলাকাতেও একই ধরনের পুকুর ভরাটের অভিযোগ ওঠে। সেখানে কয়েকদিন আগে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে যায়।

গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে গাবুরহেলান এলাকায় পুকুর ভরাটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাব-ঠিকাদার আব্দুস সালাম সর্দারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক আদেশে কবরস্থান নির্মাণের জন্য পুকুর ভরাট করা হয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর অফিসিয়াল নম্বর বন্ধ পাওয়া যায় এবং পরে আর যোগাযোগ সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, পুকুর ভরাট করে কবরস্থান নির্মাণের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আড়ালে এ ধরনের অবৈধ বালু বাণিজ্য ও পরিবেশ ধ্বংসের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content