বাংলাদেশ প্রতিদিন 9 January 2026 , 9:46:28
এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী উপকূল প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বুধবার রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক জাহিদ রিপন স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে সাংবাদিক মহলে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখা, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ।
শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।







