সারাবাংলা

শীতের ক্যানভাসে হলুদের আলপনা

  বাংলাদেশ প্রতিদিন 8 January 2026 , 1:41:21

প্রকৃতির রূপ পাল্টে গেছে। শীতের হিমেল হাওয়ায় দোহার, নবাবগঞ্জ আর কেরানীগঞ্জের বিস্তীর্ণ জনপদ এখন হলুদ উৎসবে মেতেছে। পৌষের ভোরে যখন ঘন কুয়াশার চাদর চারপাশকে মুড়িয়ে রাখে, তখন সেই কুয়াশা ভেদ করে উঁকি দেয় সরিষার সোনালী আভা।

মাঠে এখন কেবল হলুদের জয়গান। এই সৌন্দর্য শুধু মানুষের চোখ জুড়াচ্ছে না, বরং প্রকৃতিতে এনেছে এক নতুন প্রাণচাঞ্চল্য। এক ফুল থেকে অন্য ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা এক অন্যরকম ছন্দ তৈরি করেছে। রঙের ডানা মেলে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে হলুদ সমুদ্রের ওপর। বাতাসে ভেসে বেড়ানো সরিষা ফুলের ঘ্রাণে চারপাশ মৌ মৌ করছে।

শহর আর গ্রামের দূরত্ব ঘুচিয়ে দিয়েছে এই সরিষা মাঠ। বিকেলের নরম রোদে কেউ হেঁটে বেড়াচ্ছেন আলপথ ধরে, কেউ বা সাইকেল বা বাইকে চড়ে প্রিয়জনকে নিয়ে হাজির হচ্ছেন প্রকৃতির এই সান্নিধ্যে। লেন্সবন্দি হচ্ছে মুহূর্তগুলো, আর সেলফিতে ধরা পড়ছে শীতের সোনালী রোদের ঝিকিমিকি।

প্রকৃতি কন্যা যেন আজ গায়ে হলুদ মেখেছে। কৃষকের চোখে-মুখে এখন সেই হলুদের ছোঁয়ায় বোনা সোনালী স্বপ্নের ঝিলিক।

দোহার উপজেলার চৈতাবাতর গ্রামের জালাল ব্যাপারীর মতো অনেক কৃষকের মনেই এখন খুশির আমেজ। যদিও আবহাওয়া আর বপনের সময়ের কারণে ফসল ঘরে তুলতে কিছুটা দেরি হতে পারে, তবে ফলনের সম্ভাবনা বেশ ভালো। সবুজ গাছে হলুদ ফুলের এই সমারোহই বলে দিচ্ছে এবার গোলা ভরবে সোনালী সরিষায়।

আরও খবর:

Sponsered content