সারাবাংলা

মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

  বাংলাদেশ প্রতিদিন 7 January 2026 , 7:53:19

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের বিএনপি কার্যালয় থেকে ‘মুরাদনগরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঝাড়ু হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই সম্মানিত রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তাকে হেয় করার উদ্দেশ্যেই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু ফেসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

উল্লেখ্য মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপি এবং তুরস্কের নাগরিক। তার এই মন্তব্যের পরই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content