সারাবাংলা

শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 3 January 2026 , 3:43:06

কুমিল্লা দেবিদ্বারে এক শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ারকে জনস্বার্থে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশ অনুযায়ী, দেবিদ্বার থানার ওসি গোলাম সরওয়ারকে প্রত্যাহার করে লাইন অফিসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক নিরস্ত্র) মোহাম্মদ মনিরুজ্জামানকে দেবিদ্বার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম বিভাগ) আহসান হাবিব স্বাক্ষরিত আদেশে গত বছরের ১ ডিসেম্বর লটারির মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানার ওসি পরিবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর গোলাম সরওয়ার দেবিদ্বার থানার ওসি হিসেবে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন নাজমুল হাসান নামে এক শিক্ষার্থী। তবে গত ১৩ ডিসেম্বর বিকেলে তার পিতার মুদিখানার দোকান থেকে তাকে আটক করেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী।

আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর বাসিন্দা প্রবাসী জালাল মিয়ার পুত্র। তিনি কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

পরদিন ১৪ ডিসেম্বর নাজমুল হাসানকে একটি নাশকতার মামলায় কুমিল্লা আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিসহ এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content