Uncategorized

ইবিতে সিট বরাদ্দের দাবিতে শাহ আজিজুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থীদের মানববন্ধন

  বাংলাদেশ প্রতিদিন 21 June 2026 , 11:01:47

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ‘শাহ আজিজুর রহমান’ হলে দীর্ঘদিন ধরে সিট বরাদ্দ বা অ্যালটমেন্ট না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে অ্যালটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ওই হলের শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) বিকেল ৪টার দিকে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট কক্ষের সামনে একদল শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে “মেধার ভিত্তিতে সিট চাই”, “পড়াশোনা করবো নাকি আন্দোলন করবো?”, “সিট পরে দিয়েন, আগে আবেদনের সুযোগ দিন”, “দুই বছরে অ্যালট দিয়েছে একবার, প্রশাসনের জবাব চাই” ইত্যাদি লেখা সম্বলিত বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

দীর্ঘদিন সিট বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “প্রথম অ্যালটমেন্ট দিয়েছিল জুলাই বিপ্লবের পরপরই। এরপর থেকে আর কোনো ধরনের বরাদ্দ নেই। অদৃশ্য ওয়েটিং লিস্ট থেকে সিট দেওয়া হয়। কিন্তু নতুন করে আর বিজ্ঞপ্তি দেওয়া হয় না। আমাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে অ্যালটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।”

শিক্ষার্থীদের অভিযোগ ও দাবির বিষয়ে জানতে চাইলে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান বলেন, “আমরা সিস্টেমের বাহিরে যেতে পারি না। সিট বরাদ্দ নিয়ে কেউ জাররা (ন্যূনতম) পরিমাণ অভিযোগ দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। যারা আগে আবেদন করছিল, সেখান থেকে সিনিয়রিটি ও মেধার ভিত্তিতে ওয়েটিং লিস্ট থেকে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হচ্ছে। গতকাল ওয়েটিং লিস্ট থেকে বরাদ্দ শেষ। আগামী মাসের শুরুতে নতুন করে বিজ্ঞপ্তি দিব। এর আগে সিস্টেমের বাহিরে কে কী বলল বিবেচনার বিষয় না। প্রয়োজনে হল বডির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব।”

আরও খবর:

Sponsered content